আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নারায়ণগঞ্জে ‘ই-বেইলবন্ড’ চালু করার মাধ্যমে এক ক্লিকে ১২ ধাপের অবসান ঘটবে।
বুধবার নারায়ণগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে ই-বেইলবন্ডের পাইলটিং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘নারায়ণগঞ্জকে মুক্তির প্রতীক হিসেবে দেখে এখানে ই-বেইলবন্ড প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবায় গতি আসবে। একটি ক্লিকেই ১২ ধাপের অবসান হবে। এটি নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
তিনি আরও বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হলো।’
এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ‘প্রযুক্তির মাধ্যমে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। ই-বেইলবন্ড সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।’
তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয়ের উদ্যোগে এবং আইসিটি বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে এই সফটওয়্যার তৈরি করা হয়েছে, যা একটি অসামান্য সফলতা।’
তিনি আরও উল্লেখ করেন, ‘এটি ব্যাপক ব্যবহারের সুবিধার্থে ওয়েব অ্যাপ্লিকেশন এর পাশাপাশি সফটওয়্যার তৈরি করা যেতে পারে, যাতে অ্যান্ড্রোয়েড ফোন ব্যবহারকারীরা সুবিধা পায়। আইসিটি বিভাগের সহযোগিতা চাওয়া হলে তা করা হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ই-বেইলবন্ডের মাধ্যমে এখন থেকে অভিযুক্ত ব্যক্তিদের জামিন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে, যা বিচার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং নিরাপদ করবে।


