নারীরা জামায়াতের প্রধান হতে পারবেন না: আল জাজিরাকে শফিকুর রহমান

নারীরা জামায়াতের প্রধান হতে পারবেন না: আল জাজিরাকে শফিকুর রহমান
আল জাজিরায় জামায়াত আমিরের সাক্ষাৎকার
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের একটি সাক্ষাৎকার প্রচার করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনীতি, নারী নেতৃত্ব ও ইসলামি আইন নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরেছেন জামায়াত আমির। কোনো নারী কখনো জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবেন না বলে এ সময় জানান তিনি।

সাক্ষাৎকারে জামায়াত সরকার গঠন করলে বাংলাদেশে ইসলামিক আইন জারি হবে কি না এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশে ইসলামি আইন জারি হবে কি না—তা জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’ কিন্তু দলের অন্য নেতাদের বক্তব্যে তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে জানালে তিনি এ বিষয়ে দলের অন্য নেতাদের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে কেবল আমিরের বক্তব্যকেই দলের অবস্থান হিসেবে বিবেচনার আহ্বান জানান।

আল জাজিরা প্রশ্ন করে, আপনি বলেছেন যে, আপনি নারীদের সম্মান করেন। তাহলে আপনারা এবারের নির্বাচনে কয়জন নারীকে নমিনেশন দিয়েছেন? এর জবাবে জামায়াত আমির বলেন, ‘একজনও না। কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছি, এবং তারা জিতেছেনও।’

তিনি বলেন, ‘অন্য দলও যে নারীদের খুব বেশি নমিনেশন দিয়েছে সেটা আপনি দেখাতে পারবেন না। কারণ এটা বাংলাদেশের কালচার। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।’

কিন্তু অন্য দলগুলো অল্প কিছু হলেও দিয়েছে। আপনাাদের মতো শূন্য না। আপনারা একজনকেও দিলেন না কেন, এর জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমি এরইমধ্যে উত্তর দিয়েছি। আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটা একদিনে হয়ে যাবে না।’

আরও পড়ুন

যদি কখনো কোনো নারী চান যে তিনি জামায়াতের প্রধান হবেন, আপনার পদে বসবেন, সেটা সম্ভব কি না, এমন প্রশ্নের উত্তরে জামায়াত আমির বলেন, ‘না। এটা সম্ভব না। কারণ আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে বানিয়েছেন। আমরা পুরুষরা কখনোই শিশু পালতে পারব না। আমরা শিশুদের বুকের দুধ খাওয়াতে পারব না। এটা আল্লাহর দান। যেটা আল্লাহ বানিয়েছেন সেটা আমরা পাল্টাতে পারব না।’

নারী যদি পরিবার চালাতে পারে, যদি শিশু পালতে পারে, তাহলে জামাতের প্রধান হতে পারবে না কেন জানতে চাইলে, শফিকুর রহমান বলেন, ‘এমন কিছু জিনিস আছে যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবে না। তাদের অনেক সীমাবদ্ধতা আছে।’

কিন্তু গত তিন দশক তো দেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন। তারা কি দেশ চালাননি সাংবাদিকের এমন পাল্টা প্রশ্নের উত্তরে জামায়াত আমির বলেন, ‘আমরা তাদের অসম্মান করছি না। আমাদের তাতে অসুবিধা নেই।’

আপনি বিএনপির (জোটের) অংশ ছিলেন আগে, যেখানে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। আপনি কি মনে করেন না যে উনি ভালো কাজ করেছেন, এমন প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ। এটা আমাদের সিদ্ধান্ত না। ওটা ওদের পার্টির সিদ্ধান্ত।’

সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্বের অধিকাংশ দেশ নারীদের রাষ্ট্রপ্রধান হিসেবে উপযুক্ত মনে করে না এবং বিষয়টি শারীরিক সক্ষমতার সঙ্গেও সম্পর্কিত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর