কক্সবাজারের রামুতে শফিউল আলম ওরফে লেদাপুতু হত্যা মামলার অন্যতম আসামি সরওয়ার জাহানকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব। লেদাপুতু পাহাড়ে আলোচিত শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব-১৫ এর একটি দল বুধবার রামু উপজেলার দক্ষিণ মুহুরী পাড়ার নয়াপাড়া এলাকার সিকদার মঞ্জিল থেকে সরওয়ার জাহানকে গ্রেপ্তার করে। তিনি গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর বড়বিলের বাসিন্দা।
কক্সবাজারে দায়িত্বরত র্যাব ১৫ এর সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, শফিউল আলম ওরফে লেদাপুতুকে হত্যার ঘটনায় গত ২৬ জানুয়ারি নিহতের স্ত্রী বাদী হয়ে রামু থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ১৫ ছায়াতদন্ত শুরু করে, একই সাথে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। তারই ধারাবাহিকতায় মামলার অন্যতম আসামি সরওয়ার জাহানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
এর আগে, গত ২৪ জানুয়ারি ভোরে রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা ৬ নম্বর ওয়ার্ডের বেলতলী এলাকায় প্রতিপক্ষ ডাকাত আব্দুর রহিম নিজের বাহিনী নিয়ে লেদাপুতুর ওপর অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।


