ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালকের যোগদান

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালকের যোগদান
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি বিদায়ী মহাপরিচালক, সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ছালাম খানের স্থলাভিষিক্ত হন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী দীর্ঘ কর্মজীবনে বায়তুল মোকাররমের পেশ ইমাম হিসেবে যোগদানের পর থেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইসলামি গবেষক, মুহাদ্দিস ও শরিয়াহ বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত।

বর্তমানে তিনি সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সংস্থার শরিয়াহ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিভিন্ন কওমি মাদ্রাসায় শায়খুল হাদিস হিসেবে নিয়মিত দীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছেন।

দায়িত্বভার গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় মিলিত হন নবনিযুক্ত মহাপরিচালক।

আরও পড়ুন

তিনি বলেন, বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনকে কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে নয়; বরং দেশের আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ, গবেষক ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে একটি আরও কার্যকর, আধুনিক, সেবামুখী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয়ে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রতিষ্ঠানের সর্বস্তরে পরিচ্ছন্ন কর্মপরিবেশ, শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

একইসঙ্গে নতুন উদ্যম, নতুন কর্মপরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনকে জনগণের আরও আস্থার প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন করেন ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান। এছাড়া বক্তব্য রাখেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক হাজেরা খাতুন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুল হামিদ খান, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, যাকাত ফান্ড বিভাগের পরিচালক ও গবেষণা বিভাগের পরিচালক ড. ওয়ালীয়ুর রহমান খান এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন। এতে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad