আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইসকন নিষিদ্ধ ও শাস্তির আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেছে নাগরিক প্লাটফর্ম ইন্তিফাদা বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন।
সাম্প্রতিক সময়ে দেশে চলমান ধর্মীয় অস্থিতিশীলতা, ইসলাম নিয়ে কটাক্ষসহ বিভিন্ন বিষয় সামনে এনে ইসকন নিষিদ্ধের এই দাবি তোলা হয়।
শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এসব দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন সংগঠনের সদস্য ও নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, দেশে চলমান ধর্মীয় অস্থিতিশীল অবস্থাতেও তারা চুপ রয়েছে। কিন্তু সরকার যদি ইসকনকে নিষিদ্ধ না করে এবং তাদের শাস্তির আওতায় না আনে তাহলে তারা রাজপথে নামতে বাধ্য হবে।
চট্টগ্রামে আইনজীবী আলিফকে হত্যাসহ বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে বিক্ষোভকারীরা বলেন, আগেও এমন হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী কাজ হয়েছে, কিন্তু সরকার নিশ্চুপ থেকেছে। ইসকনের এসব অপরাধের দ্রুত বিচার বাস্তবায়নের দাবি তোলেন তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। যা মতিঝিলের শাপলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।


