হামলা বন্ধের ঘোষণা ইরান ও ইসরায়েলের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানের ওপর হামলা বন্ধ করেছে ইসরায়েল। এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ একথা জানিয়েছে।
তবে ওই কর্মকর্তা আরও বলেছেন, যদি হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালাতে থাকে, তাহলে ইসরায়েলও বৈরুতের দক্ষিণ অঞ্চল লক্ষ্য করে হামলা চালাবে। আগামী কয়েকদিন দক্ষিণ লেবাননে পুরো শক্তিতে ইসরায়েলি হামলা চলবে বলেও জানান তিনি।
এদিকে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় সমাপ্তি টানার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
ইরানের আংশিক সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী ইসরায়েলের ওপর সামরিক অভিযান সমাপ্ত করার ঘোষণা দিয়েছে।
তবে সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, যদি ইসরায়েল লেবাননে হামলা চালাতে থাকে, তবে ইরান আরও কঠোর প্রতিহামলা চালাতে পারে। এতে দক্ষিণ লেবাননের ওপর যেকোনও হামলাও অন্তর্ভুক্ত।
তথ্যসূত্র: রয়টার্স
হজ ফিরতি ছাড়া সব ফ্লাইট বাতিল করেছে ইরান
হজ ফিরতি ছাড়া সব ফ্লাইট বাতিল করেছে ইরান। দেশটির সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
দেশের সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে, পশ্চিম ইরানের আকাশপথ বন্ধ হওয়ায় দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাতিল থাকবে।
একমাত্র ব্যতিক্রম হলো হজ শেষ করে সৌদি আরব থেকে ফিরে আসা যাত্রীদের ফ্লাইট। এই ফ্লাইটগুলো ইরানের উত্তর-পূর্বে তুর্কমেনিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে।
ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতি চাইছে: ট্রাম্প

এর আগে যুদ্ধরত দুই দেশকে হামলা বন্ধ করার আহ্বান জানানোর পর এবার ট্রাম্প বললেন, ইসরায়েল ও ইরান দুই দেশই যুদ্ধবিরতি চাইছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। সেখানে তিনি লিখেছেন, ইসরায়েল ও ইরান উভয় পক্ষই একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি করার চেষ্টা করছে! ‘শান্তি’ বিষয়ে চূড়ান্ত আলোচনা চলছে, যদি না অজ্ঞতা বা ভুল বোঝাবুঝি এর মাঝে এসে পড়ে।
তবে ‘চূড়ান্ত চুক্তি’ না হওয়া পর্যন্ত অবরোধ জোরদার থাকবে এবং সম্পূর্ণ কার্যকর থাকবে বলেও জানিয়েছেন তিনি। পোস্টে লিখেছেন, ‘আশা করি সবকিছু দ্রুত এগোতে পারে। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’
জেরুজালেম দূতাবাস কর্মীদের নিরাপদ আশ্রয়ে যেতে বলল যুক্তরাষ্ট্র
ইসরায়েল-ইরান সংঘাতের জেরে জেরুজালেম দূতাবাসে থাকা সমস্ত কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক এক্স পোস্টে দূতাবাস জানিয়েছে, জরুরি সতর্কবার্তা (রেড অ্যালার্ট) দিলে সবাইকে সুরক্ষিত আশ্রয়ে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
দূতাবাস আরও জানিয়েছে, জেরুজালেম ও তেল আবিবের কনস্যুলার সেকশনগুলো মঙ্গলবার বন্ধ থাকবে।
ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি আইআরজিসির
ইসরায়েলের হাইফা শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। একে ‘মার্কিন–ইসরায়েলি’ হামলা হিসেবে অভিহিত করেছে আইআরজিসি। তারা বলেছে, এর বদলা হিসেবে তারা ইসরায়েলের হাইফায় অনুরূপ একটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
জায়নবাদী শত্রুদের কঠোর সতর্কবার্তা দিয়ে আইআরজিসি বলেছে, অসামরিক লক্ষ্যবস্তু এবং জ্বালানি খাতকে নিশানা করে ইসরায়েল একটি বিপজ্জনক খেলা শুরু করেছে। এই অঞ্চলে বেসামরিক ও জ্বালানি–সংশ্লিষ্ট অবকাঠামোতে যদি আরও হামলা চালানো হয়, তবে তার প্রভাব সরাসরি বৈশ্বিক অর্থনীতির ওপর পড়বে।
আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের এই সংঘাতের পরিধি যদি সমস্ত জ্বালানি কেন্দ্রগুলোতে ছড়িয়ে পড়ে, তবে বিশ্ব অর্থনীতির যে অপূরণীয় ক্ষতি হবে— তার সম্পূর্ণ দায়ভার এই অঞ্চলের মূল উসকানিদাতা যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে।
মধ্যপ্রাচ্যে আর সংঘাত চায় না ইইউ, আলোচনার আহ্বান
ইরান ও ইসরায়েল একে অপরের ওপর পাল্টা হামলা চালানোর পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক কাজা কালাস উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, এই পাল্টাপাল্টি হামলা যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের চুক্তির আশাকে নস্যাৎ করছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী কালাস বলেন, ‘গত রাতে আমরা আবারও উত্তেজনা বৃদ্ধি পেতে দেখেছি। আমি মনে করি এই অঞ্চলের আর কোনো উত্তেজনা বৃদ্ধির প্রয়োজন নেই, বরং এখন আলোচনার টেবিলে বসা এবং একটি চুক্তিতে পৌঁছানো উচিত।’
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথি বিদ্রোহীদের
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা জানিয়েছে, লোহিত সাগরে ইসরায়েল-সংশ্লিষ্ট জাহাজগুলো আবারও তাদের লক্ষ্যবস্তু হবে।
এপির খবরে বলা হয়, হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির এমন একটি বিবৃতিটি তাদের নিজস্ব স্যাটেলাইট নিউজ চ্যানেল ‘আল-মাসিরা’-তে সম্প্রচার করা হয়েছে।
ইরান যুদ্ধের আনুষ্ঠানিক বা নামমাত্র যুদ্ধবিরতিটি যখন ইসরায়েল ও ইরানের মধ্যকার পাল্টাপাল্টি হামলার মুখে পড়েছে, ঠিক তখনই এই ঘটনাটিকে আরেকটি নতুন উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েলে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ
ইসরায়েলের তেল আবিবের এক ব্যক্তির বিরুদ্ধে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইসরায়েল’।
ত্রিশোর্ধ্ব ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ— তিনি চলতি বছরের শুরু থেকে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিলেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, টাকার বিনিময়ে ইরানের হয়ে বিভিন্ন নিরাপত্তা-সংক্রান্ত কাজ বা অ্যাসাইনমেন্ট করতে রাজি হয়েছিলেন ওই ব্যক্তি।
ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের হামলা
সরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। আইডিএফ বলেছে, এই হামলায় কমপ্লেক্সের বিভিন্ন অংশে আঘাত হানা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই হামলার সত্যতা নিশ্চিত করেছে। ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, পারস্য উপসাগরের উত্তর উপকূলের কাছাকাছি অবস্থিত এই শিল্প কমপ্লেক্সটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানি গণমাধ্যম আরও জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ‘সম্ভাব্য হতাহতের’ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
ইরানের হামলার প্রশংসা করল ফিলিস্তিনি মুজাহিদীন আন্দোলন
ফিলিস্তিনি মুজাহিদীন আন্দোলন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নেওয়া পাল্টা পদক্ষেপের প্রশংসা করেছে। লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলের ‘বর্বর আগ্রাসনের’ পর ইরানের এই জবাব এসেছে উল্লেখ করে সংগঠনটি জানায়, ‘এটি মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতির সর্বোচ্চ আদর্শের প্রতিফলন।’
আল জাজিরার খবরে বলা হয়, এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ইরানের এই হামলা আজ মাঠে নতুন বাস্তবতার জন্ম দিয়েছে, যা এই অঞ্চলে জায়নবাদী ও মার্কিন অহংকার এবং আগ্রাসনের বিরুদ্ধে একটি স্পষ্ট জবাব।
তারা আরও যোগ করে, ‘আমরা নিশ্চিত করছি যে জায়নবাদী শত্রুরাই এই অঞ্চলের সমস্ত দুর্নীতি ও মন্দের মূল। এই অঞ্চলের স্থিতিশীলতা ও ঐক্য ফিরিয়ে আনার জন্য তাদের মোকাবিলা করা প্রয়োজন।’
ইসরায়েলের দুই বিমান ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা মাত্র কয়েক মিনিট আগে ইসরায়েলের ‘নেভাতিম’ এবং ‘তেল নোফ’ বিমান ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের তিনটি অঞ্চলের বেশ কয়েকটি রাডার সাইটে ইসরায়েলি হামলার জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে।
নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠক ডাকলেন নেতানিয়াহু
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় বেলা ১১টায় একটি নিরাপত্তা ক্যাবিনেট বৈঠক ডেকেছেন।
একাধিক ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ একজন অজ্ঞাতনামা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এটি একটি সীমিত বা সংক্ষিপ্ত বৈঠক হবে, যেখানে কেবল গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকবেন।
ইরানের ওপর হামলা তদারকি করছেন ইসরায়েলি সেনাপ্রধান
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা আক্রমণ জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ইয়াল জামিরসহ জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তারা গত কয়েক ঘণ্টা ধরে ধারাবাহিকভাবে পরিস্থিতি পর্যালোচনা করে যাচ্ছেন।
তারা সরাসরি ইরানের ওপর ইসরায়েলের চলমান সামরিক হামলা পরিচালনা ও তদারকি করছেন। আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী তাদের কঠোর অবস্থানের কথা জানিয়েছে। তারা লিখেছে, ইসরায়েল রাষ্ট্রকে হুমকি দেয়—এমন যে কারও বিরুদ্ধে সব ক্ষেত্রে অভিযান চালিয়ে যেতে তারা সর্বোচ্চ সতর্ক এবং সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলি সেনাবাহিনীর এমন বার্তা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বড় রূপ নিতে যাচ্ছে।
ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা: বাড়ল তেলের দাম
ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং এর জবাবে ইসরায়েলি পাল্টা হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।
বিবিসির খবরে বলা হয়, সোমবার সকালে এশিয়ার বাজারে তেলের এই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।
বাজার সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম সোমবার সকালে ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৯২ দশমিক ৭৫ ডলারে।
বিশ্লেষকরা জানাচ্ছেন, এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা গেছে। গত এক সপ্তাহ ধরে প্রতি ব্যারেলের দাম প্রায় ৯৫ ডলারের আশপাশে ঘোরাফেরা করছে।
মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা এবং তেল পরিবহনের ওপর দীর্ঘমেয়াদে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে, তা নিয়ে এখন বড় ধরনের হিসাব-নিকাশ করছেন ব্যবসায়ী ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। সংঘাত আরও দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন তারা।
ইসরায়েলকে লক্ষ্য করে আরেক দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান আরেক দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তাদের দাবি, তারা এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
সোমবার বিবিসির খবরে বলা হয়, এক বিবৃতিতে আইডিএফ বলেছে, এই হুমকি প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে।
সতর্কবার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আইডিএফ।
এর আগে রোববার রাতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তেহরান দাবি করে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই ওই হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।
পরে ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় ইসরায়েল।
ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল।
আল জাজিরার খবরে জানা গেছে, সোমবার ভোরে রাজধানী তেহরান, ইসফাহান, তাবরিজসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, তেহরান, ইসফাহান ও তাবরিজে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বার্তা সংস্থা মেহের নিউজও রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর দিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমান বাহিনী পশ্চিম ও মধ্য ইরানে অবস্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
এর আগে রোববার রাতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তেহরান দাবি করে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই ওই হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে সতর্ক করে বলেছিল, তারা আর যুদ্ধবিরতি লঙ্ঘন মেনে নেবে না এবং ভবিষ্যতে ইসরায়েল নতুন হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একাধিকবার কথা বলেন। পরে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ইসরায়েলকে তাৎক্ষণিক পাল্টা হামলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি হামলার খবর প্রকাশ্যে আসে।
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে।


