মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আলোচনার টেবিলে ফিরুক বা না ফিরুক—তাতে কিছু আসে যায় না। এ নিয়ে তিনি মোটেই উদ্বিগ্ন নন।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানের সঙ্গে ২২ এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতির যে চুক্তি হয়েছে, সেটি এখন পর্যন্ত ‘ভালোভাবেই টিকে’ আছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ সময় ট্রাম্প সোমবার থেকেই ইরানের সব বন্দরে অবরোধ কার্যকরের ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অবরোধ স্থানীয় সময় সকাল ১০টা থেকে কার্যকর হবে।
ইরানের সঙ্গে আলোচনার টেবিলে ফেরার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি আর পরোয়া করি না। যদি তারা ফিরে না আসে, তাতেও আমার কিছু আসে যায় না। আমি ঠিক আছি।’
তার ভাষায়, ‘ইরান বর্তমানে খুব খারাপ অবস্থায় রয়েছে এবং তারা “হতাশাগ্রস্ত”।’
মার্কিন প্রেসিডেন্টের দাবি করেন, ইরানের সামরিক শক্তি প্রায় ‘ধ্বংস’ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র চাইলেই আরও কঠোর পদক্ষেপ নিতে পারত, কিন্তু তা করেনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধের পুরো সময় যুক্তরাষ্ট্র খুবই সংযত আচরণ করেছে এবং ইরানে “খুব বেশি” অবকাঠামো ধ্বংস করেনি।’
এ ছাড়া, চলতি মাসের শুরুতে ইরানে ভূপাতিত বিমান থেকে উদ্ধার দুই মার্কিন বিমানসেনাও বর্তমানে ‘খুব ভালো অবস্থায়’ আছেন বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প।


