ইডেন কলেজের এক ছাত্রীর করা যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তারের এক দিন পর জামিন পেয়েছেন তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু। আদালত তাকে ১৯ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম জামিন আবেদন করে শুনানি করেন। বাদীপক্ষে জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট জসীম উদ্দিন।
প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানান, উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত আসামিকে জামিন মঞ্জুর করেছে।
তিনি আরও জানান, মামলার বাদীও আদালতে উপস্থিত হয়ে জামিনের বিরোধিতা করেন।
যৌন নিপীড়নের অভিযোগে ওই ছাত্রী মঙ্গলবার রাতে মামলা করেন। মামলার পর বুধবার সকালে গুলশান অ্যাভিনিউ এলাকা থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে, আদালত তাকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করেছিলেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে সম্পর্ক ভেঙে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী, একটি পণ্যের ফটোশুটের কথা বলে ২৭ মার্চ সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাকে বাসায় যেতে বলা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি জাহিদের গুলশানের বাসায় গেলে সেখানে তাকে যৌন নিপীড়ন করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।


