বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের আবেদনে সনি র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেনসহ তার পরিবারের দুই সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আল আমিন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য দুজন হলেন একরাম হোসেনের ভাই ও সনি র্যাংগসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) বিনাস হোসেন এবং তাদের পিতা সাচিমি ওগাওরা হোসেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, একরাম হোসেন (এমডি), বিনাস হোসেন (ডিএমডি) এবং সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের মাধ্যমে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।
এছাড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। এ ছাড়া অবৈধ উপায়ে অর্জিত এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ প্রেক্ষাপটে তাদের নামে থাকা সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়া প্রতিরোধ এবং সম্ভাব্য অপরাধের আলামত সংরক্ষণের জন্য তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়।


