এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের পরিচালক নাসরিন ইসলামের স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। তার নামে কুমিল্লার আট স্থানে থাকা ৫ কোটি ২২ লাখ ৫৭ হাজার টাকার ৬০৪ দশমিক ৩৯ ডেসিমেল জমি জব্দের এ আদেশ দেয়া হয়।
ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে জব্দের আদেশ চেয়ে আবেদন করেন সহকারী পরিচালক শিহাব সালাম।
আবেদনে বলা হয়, আসামির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধুভাবে অর্জন করে নিজ ভোগদখলে রাখার অভিযোগে মামলা করা হয়েছে।
তদন্তের সময় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসামি তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি বা স্থানান্তরের চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে আসামি কর্তৃক অর্জিত অবৈধ সম্পত্তিসমূহ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর বা বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই আসামির নামে বা দখলে থাকা স্থাবর সম্পত্তি অবিলম্বে জব্দ করা আবশ্যক।


