জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা এক মামলায় ইউনিপে টু বাংলাদেশ লিমিটেডের পরিচালক এম এ তাহেরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পক্ষে তদন্তকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য এ আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, ইউনিপে টু বাংলাদেশ লিমিটেডের পরিচালক এম এ তাহের প্রতারণামূলক কার্যক্রম ও এমএলএম ব্যবসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ৪০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, এম এ তাহের তার স্ত্রীর নামে ঢাকার বনশ্রী এলাকায় দুটি ফ্ল্যাট কেনেন। এর মধ্যে ব্লক-সি, রোড-৩ এলাকায় একটি ফ্ল্যাট ২০ লাখ টাকায় এবং ব্লক-ই, রোড-১ এলাকায় আরেকটি ফ্ল্যাট ২০ লাখ টাকায় কেনা হয়। তবে এসব সম্পদ অর্জনের বৈধ বা প্রাতিষ্ঠানিক আয়ের কোনো উৎস পাওয়া যায়নি।
অভিযোগ বলা হয়েছে, তিনি এমএলএম ব্যবসার আড়ালে কল্পিত স্বর্ণ বিনিয়োগ ও উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন। পরে সেই অর্থ দিয়েই সম্পদ গড়ে তোলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
মামলার সুষ্ঠু তদন্ত এবং আয়-ব্যয় ও সঞ্চয়ের তথ্য যাচাইয়ের স্বার্থে এম এ তাহেরের ই-টিআইএন সংক্রান্ত আয়কর নথি খোলার শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সব নথি জব্দ এবং সত্যায়িত অনুলিপি সরবরাহের জন্য আদালতের কাছে আবেদন করা হয়।


