উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে আবুধাবি ও কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। পৃথক বিজ্ঞপ্তিতে সব প্রবাসীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্থানীয় আইন ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে যেকোনো সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, বিশেষত খোলা আকাশের নিচে অবস্থান না করা এবং অযথা জমায়েত এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের নগদ অর্থ, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ইউএই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধসংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড কিংবা ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭১ ৫৬৬১১৭২১৫, +৯৭১০২৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২ ও +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬ এবং ইমেইল [email protected]তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নম্বর +৯৭১ ৫০৮১৬৮২৫৩ ও +৯৭১ ৫০৮১৬৮৩৬৩ এবং ইমেইল [email protected] -তে প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন প্রবাসীরা।
কুয়েতে সতর্কবার্তা
কুয়েতস্থ দূতাবাসের বিজ্ঞপ্তিতেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। প্রবাসীদের সামরিক স্থাপনার আশপাশ এড়িয়ে চলা, নিজ বাসা বা নিরাপদ স্থানে থাকা এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের নগদ অর্থ, সিভিল আইডি, হেলথ ইন্স্যুরেন্স কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল ফোন ও চার্জার, শুকনো খাবার ও পানি সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
কুয়েত সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতিসংক্রান্ত ছবি বা ভিডিও প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
জরুরি প্রয়োজনে: +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১ এবং ইমেইল [email protected] -এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কুয়েত দূতাবাস।
দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।


