‎ফরিদপুরে ভাঙ্গায় কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ২

‎ফরিদপুরে ভাঙ্গায় কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ২
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ড ভ্যান ও পিকাপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপ চালক প্রবীর রায় চৌধুরী (৩৬) ও হেল্পার জুয়েল (১৮)। প্রবীর রায় লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার বাসিন্দা এবং জুয়েল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীজার গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ‎

ফায়ার সার্ভিস, ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মালবাহী কাভার্ড ভ্যান মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি ছোট পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে সেটিকে পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে কাভার্ড ভ্যানের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হয়।
‎
‎দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ভাঙ্গা থানার রাত্রিকালীন টহল দল, ভাঙ্গা ফায়ার সার্ভিস এবং শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

পিকআপের ভেতর আটকে থাকা দুজনকে উদ্ধার করে ভোর ৫টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা যানবাহনে পর্যাপ্ত সতর্ক সংকেত না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির যানবাহনের চালকদের জন্য এ ধরনের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে বিকল বা থেমে থাকা যানবাহনে অনেক সময় রিফ্লেক্টর, লাল বাতি কিংবা সতর্কতামূলক সংকেত ব্যবহার করা হয় না। ফলে রাতের অন্ধকারে দূর থেকে এসব যানবাহন শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
‎
‎দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন শিবচর হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
‎
‎বিষয়টি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, ‘দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad