ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ধারা ৬(গ) কেন অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দেশে এরই মধ্যে আমদানি করা ভ্যাপ বা ই-সিগারেট বাজেয়াপ্ত বা জব্দ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, কাস্টমস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদেরকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একটি রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম ও এইচ এম সানজিদ সিদ্দিকী। এইচ এম সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম, ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস ইত্যাদি নিষিদ্ধ।
আইনটিতে বলা হয়েছে, কোনো ব্যক্তি ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম, এর যন্ত্রাংশ বা অংশবিশেষ (ই-সিগারেট, ভ্যাপ, ভ্যাপিং, ভ্যাপার ও ই-লিকুইড ইত্যাদি), হিটেড টোব্যাকো প্রোডাক্টস বা ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস যে নামেই অভিহিত হোক না কেন, উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিজ্ঞাপন, প্রচার-প্রচারণা, প্রণোদনা, পৃষ্ঠপোষকতা, বিপণন, বিতরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন করবেন না বা করাবেন না।
আইনে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি বিধান লঙ্ঘন করলে তিনি অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা বারবার একই ধরনের অপরাধ সংঘটন করলে তিনি পর্যায়ক্রমে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হবেন।


