চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক বিধবা নারীকে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে উপজেলার দরিয়ারপুর গ্রামের চারাতলার মাঠের একটি তামাক খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম জবেদা খাতুন (৪৬)। তিনি দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের দরিয়ারপুর গ্রামের উত্তরপাড়ার মৃত তুফান হোসেনের স্ত্রী।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, শুক্রবার সকালে জবেদা খাতুন ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ির পাশে চারাতলার মাঠে যান। কিন্তু দীর্ঘক্ষণ তিনি বাসায় না ফেরায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দলিয়ারপুর গ্রামের কৃষকরা তামাক খেতে এক নারীর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে থানায় নেয়।
তিনি আরও জানান, ওই নারীর সঙ্গে কারও কোনো বিরোধ নেই। বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ কাজ করছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গ্রামবাসী জানান, জবেদা ঘাস কাটতে নিয়মিত মাঠে যেতেন। হয়ত অজ্ঞাত সন্ত্রাসীরা মাঠে একা পেয়ে তাকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে গেছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তাদের দাবি, দুর্বৃত্তদের চিনে ফেলায় হয়ত তাকে হত্যা করা হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।


