বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রথম শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। পরে তিনি তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।
এ সময় আবু সাঈদের পিতা মকবুল হোসেন তারেক রহমানের কাছে আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করলে বিএনপি ক্ষমতায় গেলে তা পূরণ করার আশ্বাস দেন তারেক।
শুক্রবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে সড়কপথে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের বাড়িতে পৌঁছান তিনি। সেখানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদের কবর জিয়ারত করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।
পরে তিনি শহীদের বাড়িতে গিয়ে পিতা মকবুল হোসেন, মাতা মনোয়ার, ভাই রমজান আলী, আবু হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে একসঙ্গে বসেন। তাদের খোঁজখবর নেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় শহীদ আবু সাঈদের পিতা তারেক রহমানকে বলেন,‘আল্লাহ যদি আপনাকে ক্ষমতায় আনেন, তাহলে প্রথমে আবু সাঈদসহ জুলাই অভ্যুত্থানের সকল হত্যাকাণ্ডের বিচার করবেন। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করবেন। পীরগঞ্জসহ সারা বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।’
জবাবে তারেক রহমান মকবুল হোসেনকে আশ্বস্ত করে বলেন, ক্ষমতায় গেলে আবু সাঈদসহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে এবং দেশের সকল সূচকে উন্নয়ন সাধন করা হবে।
তার আগমন উপলক্ষে পুরো পীরগঞ্জে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন।
সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে তিনি আবু সাঈদের বাড়ি থেকে বের হয়ে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভার উদ্দেশে রওনা দেন।
এর আগে, বগুড়া থেকে রংপুরের পথে রওনা হলে সড়কের দুইপাশে দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানান।
এদিকে কালেক্টরেট মাঠ উপচিয়ে জনতার স্রোত নগরীর প্রধান সড়কেও ছড়িয়ে পড়ে।
এর আগে, বৃহস্পতিবার রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় অনুষ্ঠিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান।


