দুর্নীতির মামলায় গ্রেপ্তার জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। তবে অধস্তন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ ঢাকার জেলা প্রশাসকের করা আবেদন খারিজ করে দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।
এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করে দুদক। এই মামলায় ১১ জুলাই দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের দাবি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ঋণ দেন। আতিউর রহমান, তার সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ রয়েছে।
এই মামলায় অধস্তন আদালতে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন আবুল বারকাত। তিনি হাইকোর্টে জামিন পেলে এর বিরুদ্ধে ঢাকা জেলা প্রশাসক আপিল বিভাগে আবেদন করেন। সেই আবেদন বৃহস্পতিবার খারিজ হয়ে যায়। ফলে এ মামলায় তার জামিন বহাল রইল।


