দেশের বাজারে সোনার দাম আবারও কমেছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার নতুন দাম ভরিতে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শেষ সমন্বয় করা দামে চলতি সপ্তাহের বুধবার সোনার দাম ভরিতে ২ লাখ ৩৪ হাজার ৩৪ টাকা ছিল। ২ দিনের ব্যবধানে আজ আবার সোনার দাম ২ হাজার ১৫৪ টাকা কমানো হলো।
শুক্রবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এই দিদ্ধান্ত দেয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।
দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় চলতি বছরের ২৯ জানুয়ারি। এদিন সোনার দাম একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৭ দফা দাম বাড়ানো হয়েছে, ৫৭ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সোনার দামের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও পরিবর্তিত হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৫ হাজার ০১৬ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ০৮২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকায় বিক্রি হচ্ছে।


