‘প্রিয়তমা’ দিয়ে শাকিব খানের ক্যারিয়ারের নবযাত্রা হয়। ২০২৩ সালে মুক্তি পাওয়া ছবিটির পরিচালক হিমেল আশরাফ। একই পরিচালকের সঙ্গে ‘রাজকুমার’ মুক্তি পায় পরের বছর। সে ছবিটি ব্যবসায়িকভাবে খুব একটা সফল হতে না পারায় সবাই ধরে নিয়েছিল হিমেল আশরাফের সঙ্গে বুঝি শাকিব খানের আর কাজ করা হচ্ছে না। তবে সে জল্পনার অবসান হয়েছে।
প্রযোজক শাহরিয়ার শাকিল নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন। ছবিতে একসঙ্গে দেখা যায় শাকিব খান, হিমেল আশরাফ ও শাহরিয়ার শাকিলকে। সঙ্গে তিনি লিখেছেন, একটা গল্পের কিছু হোক, একটা জীবনের কিছু হোক, একটা প্রেমের কিছু হোক, আবার মানুষে মানুষে ভালোবাসার কিছু হোক।
এ ছবি প্রসঙ্গে হিমেল আশরাফ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘হ্যাঁ, শাকিব ভাইয়ের সঙ্গে আমার কাজ হচ্ছে এটা সত্যি। রোমান্টিক-ফ্যামিলি ড্র্যামা বানাবো।’
তিনি জানান, ছবির নাম, শিল্পী এখনও ঠিক হয়নি। তবে প্রযোজক হিসেবে আলফা আই ও এসভিএফ থাকছে। মাসখানেকের মধ্যে শুটিং শুরু হবে। মুক্তির তারিখও এখন পর্যন্ত ঠিক করা হয়নি।


