একদফা বাড়ার পর দেশের বাজারে আবারও সোনার দাম কমেছে। বিশ্ব বাজারে সোনার দাম কমায় এক দিনের ব্যবধানে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এতে সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নির্ধারিত নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে, বুধবার সকালে সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বেড়েছিল।
দাম কমে দেশের বাজারে এখন ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে গয়নার বেলায় বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
সোনার পাশাপাশি রুপার দামও ভরিতে ১৭৫ টাকা কমেছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৫ টাকায়।


