জামায়াতের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ নাকচ বিএনপি প্রার্থীর

জামায়াতের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ নাকচ বিএনপি প্রার্থীর
Advertisement
Advertisement

শেরপুর-৩ আসনে নির্বাচনের ভোটকেন্দ্র থেকে জামায়াতের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রেই জামায়াতের এজেন্ট উপস্থিত রয়েছে।

বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু হয়। সাড়ে ৮টার দিকে শ্রীবরদী উপজেলার রুপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। তারপর তিনি একথা বলেন।

রুবেল বলেন, ‘জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিএনপি নাকি তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছে। আমি নিজে বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখেছি প্রতিটি কেন্দ্রেই জামায়াতের এজেন্ট উপস্থিত রয়েছে। আমার ইউনিয়নের কেন্দ্রগুলোতেও তাদের এজেন্ট কাজ করছে।’

এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, ‘জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্যই এসব কথা প্রচার করা হচ্ছে।’

আরও পড়ুন

বাংলাদেশে অতীতে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার তুলনায় এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনেক বেশি মন্তব্য করে তিনি বলেন, ‘ফলে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতার ঘটনা ঘটছে না। শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।‘

এ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে ১২৮টি ভোটকেন্দ্র এবং ৭৫১টি ভোট কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৭টি, গুরুত্বপূর্ণ ৩২টি ও সাধারণ ভোটকেন্দ্র রয়েছে ৬৯টি। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি এ আসনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad