আকাশে আবারও গর্জে উঠতে যাচ্ছে জেটের ইঞ্জিন, আর ককপিটে ফিরছেন সেই চিরচেনা পিট ‘মাভেরিক’ মিচেল। দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে— ‘টপ গান ৩’-এর। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিনেমাকনে এই ঘোষণা দিয়েছে প্যারামাউন্ট পিকচার্স। টম ক্রুজের সঙ্গে আবারও প্রযোজক হিসেবে থাকছেন জেরি ব্রাকহেইমার। আর ৬৩ বছর বয়সেও টম ক্রুজ যখন আবার আকাশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
হলিউডের ইতিহাসে কিছু চরিত্র আছে, যারা কেবল সিনেমার গল্পে সীমাবদ্ধ থাকে না; সময়ের সঙ্গে তারা দর্শকের স্মৃতি, আবেগ এবং সাংস্কৃতিক অভিজ্ঞতার অংশ হয়ে ওঠে। ‘মাভেরিক’ ঠিক তেমনই এক চরিত্র। ১৯৮৬ সালে টনি স্কটের পরিচালনায় মুক্তি পাওয়া ‘টপ গান’ শুধু একটি অ্যাকশন চলচ্চিত্র ছিল না, বরং তা হয়ে উঠেছিল একটি প্রজন্মের প্রতীক। যুদ্ধবিমান, সাহস, প্রতিদ্বন্দ্বিতা এবং আত্ম-আবিষ্কারের গল্প মিলিয়ে ছবিটি আশির দশকের পপ সংস্কৃতিতে স্থায়ী ছাপ রেখে যায়।
এর ৩৬ বছর পর ২০২২ সালে আসে ছবিটির সিক্যুয়েল ‘টপ গান: মাভেরিক’। জো কোসিনস্কি পরিচালিত ছবিটি মুক্তির পর বিশ্বজুড়ে বক্স অফিসে প্রায় ১৫০ কোটি ডলার আয় করে। এটি টম ক্রুজের ক্যারিয়ারের প্রথম একশ কোটির বেশি আয়ের ছবি। মহামারির পর যখন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহ ব্যবসা ধুঁকছিল, তখন এই ছবিকেই অনেকে হলিউডের পুনর্জাগরণের প্রতীক হিসেবে দেখেছেন। কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গ পর্যন্ত বলেছিলেন, টম ক্রুজ যেন একাই থিয়েটার ব্যবসাকে নতুন প্রাণ দিয়েছেন।
সিনেমাকনের মঞ্চে প্যারামাউন্টের কো-হেড জশ গ্রিনস্টেইন জানান, ‘টপ গান ৩’ এখন আনুষ্ঠানিকভাবে নির্মাণাধীন এবং চিত্রনাট্যের কাজ দ্রুত এগোচ্ছে। ঘোষণার সময় টম ক্রুজ সরাসরি উপস্থিত না থাকলেও একটি প্রি-রেকর্ডেড ভিডিও বার্তায় তাকে দেখা যায় প্যারামাউন্টের আইকনিক ওয়াটার টাওয়ারের ওপর বসে। সেখানে তিনি বলেন, ‘এখান থেকে ভবিষ্যৎটা বেশ উজ্জ্বল দেখাচ্ছে।’ এই সংক্ষিপ্ত উপস্থিতিও ভক্তদের উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে।
ছবিটির গল্প নিয়ে ইতিমধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাভেরিক-এর অন্যতম লেখক ক্রিস্টোফার ম্যাককোয়ারি আগে ইঙ্গিত দিয়েছিলেন, তৃতীয় পর্বের গল্পের ভিত্তি অনেকটাই তৈরি। সহ-লেখক ইহরেন ক্রুগার এবারও চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন। যদিও পরিচালক বা মুক্তির সম্ভাব্য তারিখ এখনো জানানো হয়নি, তবু ধারণা করা হচ্ছে, আগের দুই পর্বের উত্তরাধিকার ধরে রেখে আরও বড় আবেগ ও অ্যাকশনের মিশেলই দর্শকের সামনে আসবে।
তবে নতুন ছবিকে ঘিরে একটি শূন্যতাও রয়েছে। ‘টপ গান: মাভেরিক’-এ টম ‘আইসম্যান’ কাজানস্কি চরিত্রে ভ্যাল কিলমারের উপস্থিতি দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। সেটিই ছিল তার অভিনয়জীবনের শেষ কাজ। ২০২৫ সালের এপ্রিলে তার মৃত্যু এই ফ্র্যাঞ্চাইজির জন্যও এক অপূরণীয় ক্ষতি। তৃতীয় পর্বে সেই অনুপস্থিতিকে কীভাবে গল্পে ধারণ করা হবে, সেটিও বড় প্রশ্ন।


