রাজধানী ঢাকার মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর আলাদাভাবে তদন্ত করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রকৃত কারণ উদ্ঘাটনে এ ঘটনায় মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও আলাদাভাবে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। তদন্তে নবজাতকদের মায়েদের বক্তব্যসহ সংশ্লিষ্ট সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করা হবে।’
তিনি জানান, তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও আরও নির্ভরযোগ্য ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদন তৈরির জন্য অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আগামী ৩ জুনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও আশা করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঘটনার পর আমি নিজে হাসপাতাল পরিদর্শন করেছি। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত শেষ হলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার আইনি দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নবজাতকদের মৃত্যুর কারণ নির্ধারণে কোনো ময়নাতদন্ত না হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারের পক্ষ থেকে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কোনো অভিভাবকই এতে সম্মতি দেননি।’
‘অভিভাবকদের রাজি করানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা সম্মত না হওয়ায় জোরপূর্বক ময়নাতদন্ত করা হয়নি। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত’, যোগ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


