এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের লড়াই সামনে রেখে একে একে দেশে ফিরছেন প্রবাসী ফুটবলাররা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী।
আগামী ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ ঘিরে দলের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হলেও হামজার আগমন বাড়তি আত্মবিশ্বাস যোগাবে কোচ হাভিয়ার কাবরেরার শিষ্যদের। বিমানবন্দর থেকে এসে হামজা সংক্ষিপ্তভাবে বলেন, ‘আসসালামু আলাইকুম, নিরাপদে এসেছি আমি। ইনশাআল্লাহ আমরা সফল হব। হংকংয়ের সাথে ৯ তারিখ ন্যাশনাল স্টেডিয়ামে খেলবো, আশা করি সবাই সমর্থন দিবেন আমাদের।’
এই ম্যাচে লাল-সবুজ জার্সিতে চতুর্থবারের মতো মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির এই মিডফিল্ডার। এর আগে গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তার। এরপর এখন পর্যন্ত তিনটি ম্যাচে খেলে করেছেন একটি গোল, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি।
হামজার এক দিন পর বুধবার রাতে ঢাকায় আসবেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির মিডফিল্ডার শমিত সোমে।: ফলে হংকংয়ের বিপক্ষে প্রথম লেগের আগে হামজা অনুশীলনের সুযোগ পাবেন তিন দিন, আর শমিত পাবেন এক দিনের প্রস্তুতি সময়। কোচ কাবরেরা এই দুই ফুটবলারের যোগদানকে দলের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।
হংকংয়ের বিপক্ষে প্রথম লেগটি অনুষ্ঠিত হবে ঢাকায় ৯ অক্টোবর, আর ফিরতি লেগ ১৪ অক্টোবর হংকংয়ে। এই দুই ম্যাচই এশিয়ান কাপ বাছাইয়ের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
ঢাকায় পা রাখার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হামজার প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে সমর্থকদের মধ্যে। তার উপস্থিতি দলের মাঝমাঠে দৃঢ়তা এনে দিতে পারে বলে আশা ফুটবলপ্রেমীদের। এখন দেখার বিষয়, মাঠে নেমে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারেন কি না বাংলাদেশের এই ইংল্যান্ডপ্রবাসী তারকা।


