বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাঁকে একদিনেই ট্রাভেল পাস দেবে লন্ডনে বাংলাদেশের হাইকমিশন।
রোববার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাব-এর আলোচনায় এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হেসেন।
প্রবাসে কোনো বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট না থাকলে বা মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে তাকে দেশে আসার জন্য ট্রাভেল পাস দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশন এই ট্রাভেল পাস ইস্যু করে।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, কেউ দেশে আসতে চাইলে তাকে ওয়ান টাইম ট্রাভেল পাস দেওয়া হয়। এই পাস দিতে সাধারণত একদিন লাগে। তারেক রহমান যদি আজ বলেন তিনি দেশে আসবেন, তাহলে কালই ট্রাভেল পাস দেওয়া হবে। পরশু তিনি দেশে চলে আসতে পারবেন।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বিধিনিষেধ নেই।
এর আগে তারেক রহমান ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, দেশে ফেরার বিষয়টি তাঁর একক নিয়ন্ত্রণে নেই।
তারেক রহমান ২০০৭ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে অবস্থানকালে তাঁর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর তারেক রহমান চাইলেই তাঁর পাসপোর্টের মেয়াদ নবায়ন করার কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার।


