বাংলাদেশের জন্মের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন ঐতিহাসিক ৭ মার্চ আজ শনিবার।
১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানের সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের।
মুক্তিকামী জনতার সামনে তিনি ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
এই ভাষণ পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্র হয়ে পড়ে, তৈরি করেন একটি জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও।
সেদিন শেখ মুজিব জনগণকে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং আত্মত্যাগের প্রস্তুতি নিতে উদ্বুদ্ধ করেছিলেন।
ভাষণে তিনি আরও বলেছিলেন, ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।’
২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয় এবং এটিকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে।
আওয়ামী লীগ প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৭ মার্চ পালন করত। দলটি ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয়ভাবেও দিনটি উদযাপন করা হতো।
তবে, ২০২৪ সালের ৫ আগস্ট তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর দিনটির গুরুত্ব সরকারিভাবে কমেছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ৭ মার্চ এবং শেখ মুজিবসহ পরিবারের সদস্যদের হত্যার দিন অর্ধাৎ ১৫ আগস্টসহ আটটি জাতীয় দিবস বাতিল করে।
১২ ফেব্রুয়ারির সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারও তা অপরিবর্তিত রেখেছে।
ফলে গত দুই বছর ধরেই ভিন্ন আবহে পালিত হচ্ছে ঐতিহাসিক এই দিনটি।


