ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচন কমিশনের মাঠ কর্মকর্তারা ১৭৬টি মামলা করেছেন এবং জরিমানা করেছেন ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা।
সোমবার গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রতিদিন নির্বাচনের মাঠ পর্যায়ের পরিবেশ সুষ্ঠু রাখতে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় নিয়মিত মামলা ও জরিমানা করা হচ্ছে।
গত ৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন উপলক্ষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আচরণ বিধি প্রতিপালন ও অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ২৫৭টি নির্বাচনী এলাকায় ২৭৫টি আচরণ বিধি ভঙ্গের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট জরিমানা করা হয়েছে ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা এবং মামলা হয়েছে ১৭৬টি।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ইসির কাছে কোনো অভিযোগ এলেও তা প্রাথমিক পর্যায়ে রিটার্নিং অফিসার, মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত এবং ইলেক্টোরাল ইনকোয়ারি ও বিচারক কমিটি তাৎক্ষণিকভাবে আমলে নিচ্ছে।
তিনি বলেন, প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে এবং নিয়মিত অভিযোগ পাওয়া যাচ্ছে–কোথাও মামলা হচ্ছে, কোথাও জরিমানা হচ্ছে, আবার কোথাও শোকজ করা হচ্ছে। নির্বাচন কমিশনের কার্যক্রম জোরেশোরে চলছে বলেও তিনি উল্লেখ করেন।


