আগুনে পুড়ে শিশুরা মারা গেল, মা-বাবাকে কী জবাব দেব: প্রধান উপদেষ্টা

আগুনে পুড়ে শিশুরা মারা গেল, মা-বাবাকে কী জবাব দেব: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস | ফাইল ছবি
Advertisement
Advertisement

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এরা আমাদের সবারই সন্তান। হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল। আমরা অবশ্যই এই ঘটনার তদন্ত করব। আর যারা আহত, তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করছি। সবাই তাদের পাশে দাঁড়িয়েছে।’

হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সকলেই হাসপাতালে ছুটে আসছেন। আমরা অনুরোধ করছি– ভিড় করবেন না। আহতদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আমাদের ভিড় থেকে সংক্রমণ ছড়াতে পারে। সবাই দূর থেকে দোয়া করুন।’

বিমান দুর্ঘটনাকে ‘অবিশ্বাস্য’ ও ‘অকল্পনীয়’ আখ্যা দিয়ে ইউনূস বলেন, ‘আমার বলার ভাষা নেই। কীভাবে শুরু করব বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের মানুষ আজ হতবাক। কেউ কল্পনাও করেনি এমন কিছু ঘটতে পারে।’

আরও পড়ুন

শিশুদের করুণ মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রশিক্ষণ বিমানটি এসে স্কুল ভবনে পড়ল, আগুনে পুড়ে শিশুরা মারা গেল। মা-বাবাকে কী জবাব দেব? নিজেরাও জবাব দিতে পারছি না। চোখের সামনে ভেসে আসছে অজানা সব শিশুর মুখ। এখনো লাশ হাসপাতালে আসছে, এখনো কেউ কেউ মারা যাচ্ছে। মা-বাবা খুঁজে ফিরছেন সন্তানকে–চেনারও উপায় নেই।’

তিনি বলেন, ‘তদন্ত হবে, তবে এই নিষ্পাপ শিশুগুলো আর কখনো ফিরে আসবে না।’

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সন্তান আমাদের সবার সন্তান। আপনারা সাহস রাখুন। আমরা সবাই আপনাদের পাশে আছি। পুরো জাতি আজ আপনাদের সঙ্গে আছে।’

তিনি জানান, নিহত শিশুদের স্মরণে মঙ্গলবার জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। ‘আমরা সবাই তাদের আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাদের জান্নাতবাসী করুন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad