ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ কয়েকটি দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মোবাইল ব্যবসায়ীরা।
রোববার সকাল ১০টা থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে সড়ক আটকে বিক্ষোভ করেন তারা।
এতে অংশ নেন বিভিন্ন শপিংমলের মোবাইল ফোন ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা।
মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের এই বিক্ষোভে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের দাবি, মোবাইল আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক কমিয়ে ১০–১২ শতাংশে আনতে হবে । পাশাপাশি এনইআইআর ব্যবস্থার সংস্কার, বাজারে সিন্ডিকেট প্রথা বিলোপ এবং বৈধভাবে আমদানির সুযোগ সহজ করার দাবি জানান আন্দোলনকারীরা।

সংগঠনের নেতাদের অভিযোগ, দীর্ঘদিন সমস্যার কথা জানালেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
বিটিআরসির সামনে প্রধান সড়ক অবরোধ থাকায় আশপাশের শ্যামলী, শিশু মেলা ও জাতীয় আর্কাইভ এলাকার সড়কগুলোতেও তীব্র যানজট দেখা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিটিআরসি ভবনের সামনে প্রথমে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে দুপুর ২ টার পরে সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যায়।


