বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রী সেলিম মণ্ডল হত্যা মামলায় সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। একই সঙ্গে তার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালত এ আদেশ দেন। এদিন আইভীর জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত নামঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে অগ্নিসংযোগ করা হয়। এ সময় আগুনে পুড়ে মারা যান ডাচ বাংলা ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রী সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক। এ ঘটনায় গত বছরের ৩০ জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে আইভীকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে পুলিশ।
জানা গেছে, হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় মোট ১১ মামলায় আইভীকে আসামি করা হয়েছে। তবে পাঁচটি মামলায় ইতোমধ্যে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এর পর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।


