ঢাকার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছিল হুয়াওয়ে বাংলাদেশ।
বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১০০ জনেরও বেশি শিক্ষার্থী লিখিত পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন।
সেখানে নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়েতে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে পূর্ণকালীন চাকরির সুযোগ পাবেন।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে হুয়াওয়ে বাংলাদেশ।
ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি শুরু হয়, হুয়াওয়ে সাউথ এশিয়ার সিনিয়র এইচআর স্পেশালিস্ট ফারা নেওয়াজের বক্তব্যের মাধ্যমে। এরপর বক্তব্য দেন আইইউটির সিএসই বিভাগের অধ্যাপক হাসান মাহমুদ এবং হুয়াওয়ে সাউথ এশিয়ার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ডিরেক্টর লিন শিয়াও।
লিখিত পরীক্ষার তত্ত্বাবধান করে হুয়াওয়ের মানব সম্পদ বিভাগ।
লিন শিয়াও বলেন, ‘আমাদের আন্তর্জাতিক মানের কর্মপরিবেশ ও অভিজ্ঞতা তরুণদের আইসিটি পেশাজীবী হিসেবে সাফল্য অর্জনে সাহায্য করবে। আমরা বিশ্বাস করি, বাছাইকৃত প্রার্থীরা তাদের দক্ষতা, উদ্ভাবন ও উদ্যমের মাধ্যমে হুয়াওয়ে বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।’
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. হাসানুল কবির, সিএসই বিভাগের জুনিয়র লেকচারার মো. তানভীর হোসেন সৈকত এবং ইইই বিভাগের জুনিয়র লেকচারার লিমান শামস।
ড. মো. হাসানুল কবির বলেন, ‘আইইউটিতে ধারাবাহিকভাবে ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য আমরা হুয়াওয়েকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিগত বছরগুলোতে আমাদের শিক্ষার্থী দেশে ও বিদেশে হুয়াওয়েতে যোগ দিয়েছে। তাদের নেতৃত্ব আমাদেরকে গর্বিত করে।’
অধ্যাপক হাসান মাহমুদ বলেন, ‘আইইউটি গত এক দশকেরও বেশি সময় ধরে হুয়াওয়ের সঙ্গে কাজ করছে। এই দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের অংশ হিসেবে হুয়াওয়ের বিভিন্ন প্রতিভা বিকাশমূলক উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে ভূমিকা রেখেছে। আমাদের গ্রাজুয়েটদেরকে হুয়াওয়ে বাংলাদেশে যোগদান করতে দেখে আমরা আনন্দিত। এটি শুধু একটি চাকরি পাওয়ার বিষয় নয়, বরং দেশের আইসিটির উন্নয়নে অংশীদার হওয়ার একটি সুযোগ।’
প্রতি বছরই হুয়াওয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই রিক্রুটমেন্ট কার্যক্রম পরিচালনা করে এবং নতুন গ্র্যাজুয়েটদের নিয়োগ দেয়।


