ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত আলোচিত চলচ্চিত্র ‘রইদ’ এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে যাত্রা শুরু করতে যাচ্ছে। নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি আগামী ৫ জুন থেকে অস্ট্রেলিয়ার ছয়টি শহরে প্রদর্শিত হবে।
চলচ্চিত্রটির অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরিবেশনার স্বত্ব যৌথভাবে স্ক্রিন স্কোপ ও দেশী ইভেন্টের। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস।
স্ক্রিন এক্সকোপের হেড অব অপারেশন্স ফয়সাল বাশার বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চলচ্চিত্রের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। তার মতে, ‘রইদ’ এমন একটি চলচ্চিত্র, যা শুধু প্রবাসী বাংলাদেশি দর্শকদের নয়, ভিন্ন সাংস্কৃতিক পটভূমির দর্শকদের সঙ্গেও সংযোগ তৈরি করতে সক্ষম। তাই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকদের বড় পর্দায় ছবিটি উপভোগ করার সুযোগ করে দিতে আমরা আগ্রহী।
দেশি ইভেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ ফয়েজ বলেন, শিল্পমান ও দর্শক-সংযোগ—উভয় দিক থেকেই ‘রইদ’ একটি শক্তিশালী চলচ্চিত্র। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দর্শকদের সামনে ছবিটি উপস্থাপন করতে পেরে তারা আনন্দিত।
জানা গেছে, শুক্রবার থেকে সিডনি ও মেলবোর্নে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হবে। পরে পর্যায়ক্রমে ব্রিসবেন, পার্থ, অ্যাডিলেড ও ক্যানবেরার প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাবে।
দেশে মুক্তির পর থেকেই ‘রইদ’ দর্শক ও সমালোচকদের আলোচনায় রয়েছে। বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতিও লক্ষ্য করা গেছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত এবং আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।


