চলতি অর্থবছরের দুই-তৃতীয়াংশ সময় পার হলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন এখনো ৩০ শতাংশের ঘরে রয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী অর্থবছরের প্রথম আট মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৩০ দশমিক ৩১ শতাংশ। যদিও এটি আগের অর্থবছরের একই সময়ের ২৯ দশমিক ৮৭ শতাংশের তুলনায় সামান্য বেশি।
আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে ১২ হাজার ৭৭১ কোটি ২৩ লাখ টাকা, যা মোট এডিপির ৬ দশমিক ১১ শতাংশ। আগের অর্থবছরের একই মাসে ব্যয় ছিল ৭ হাজার ৬৭৬ কোটি ৩৩ লাখ টাকা বা ৩ দশমিক ৩৯ শতাংশ।
এদিকে, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে মোট ১ হাজার ৩৩৩টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ৬৩ হাজার ৩২৭ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩৪ হাজার ২১৯ কোটি টাকা, বৈদেশিক ঋণ ও অনুদান ২৪ হাজার ৯১৫ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪ হাজার ১৯৮ কোটি টাকা।
তবে এই সময়ে অনেক মন্ত্রণালয় ও বিভাগ ১৫ শতাংশের কম অর্থ ব্যয় করতে পেরেছে। এর মধ্যে জননিরাপত্তা বিভাগ ৩ দশমিক ৭৯ শতাংশ, বাণিজ্য মন্ত্রণালয় ৮ দশমিক ৮৬ শতাংশ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ৭ দশমিক ৫১ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৯ দশমিক ৬৫ শতাংশ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ ১২ দশমিক ৬৭ শতাংশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) ১২ দশমিক ৮৭ শতাংশ, পরিকল্পনা বিভাগ ১৪ দশমিক ২২ শতাংশ, নির্বাচন কমিশন সচিবালয় ১০ দশমিক ৯৪ শতাংশ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১২ দশমিক ৭৪ শতাংশ ব্যয় করেছে।
অন্যদিকে, সর্বোচ্চ ৭০ দশমিক ৭৪ শতাংশ অর্থ খরচ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এ ছাড়া, বেশি খরচ করতে পারা অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে রয়েছে, মন্ত্রীপরিষদ বিভাগ ৬৪ দশমিক ২১ শতাংশ, খাদ্য মন্ত্রণালয় ৬২ দশমিক ১৩ শতাংশ, বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় ৫৯ দশমিক ৩২ শতাংশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ৫৬ দশমিক শূন্য ৫ শতাংশ।
আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। সংস্থাটি বরাদ্দ পেয়েছে মোট এডিপির ১৮ দশমিক শূন্য ৫ শতাংশ।
এ ছাড়া, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৯ দশমিক ৫৫ শতাংশ, বিদ্যুৎ বিভাগ ৮ দশমিক ৮১ শতাংশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৫ দশমিক ৭৬ শতাংশ এবং পানি সম্পদ মন্ত্রণালয় ৫ দশমিক শূন্য ৪ শাতাংশ।


