ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শনিবার ভোর ৪টার দিকে উপজেলার মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের নাম আসকার আলী (২৪), তিনি হরিপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের কানু আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসকার আলী মিনাপুর বিওপির আওতাধীন প্রধান সীমান্ত পিলার অতিক্রম করলে ভারতীয় বিএসএফ সদস্যরা তার ওপর গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ‘ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।’
ঘটনার বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।


