বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার, গুজব ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর যুবদল। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতাল রোডে ‘সুস্থ ধারার রাজনীতি’ প্রতিষ্ঠার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চাষাড়া চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অপরাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে সকাল ১০টা থেকেই জেলা ও মহানগরের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সমাবেশে বক্তারা অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা শিষ্টাচারসম্মত ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সদস্য ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক। সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সহ-সাহিত্যবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল।


