নির্বাচন এলে অনেক প্রার্থী সন্ত্রাসীদের কাজে লাগায় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিনি বলেন, ‘নির্বাচন এলেই অনেক প্রার্থী সন্ত্রাসীদের ব্যবহার করে। তাদের কারণে অনেক শীর্ষ সন্ত্রাসী প্রকাশ্যে আসার সুযোগ পায়, এমনকি রাজনৈতিক সভা-সমাবেশেও যোগ দেয়। এতে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায় এবং পুলিশের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়।’
সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে একাধিক হত্যাকাণ্ডের পর বুধবার সন্ধ্যায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টাইমস অব বাংলাদেশকে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘সার্বিক পরিস্থিতিতে পুলিশ মোটেও বিচলিত নয়। দেশে এখন কোনো নাশকতার আশঙ্কাও নেই।’
তিনি আরও বলেন, ‘যারা এমপি বা মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন, তারা যদি সন্ত্রাসীদের নিয়ে চলেন বা তাদের কাজে লাগান, সেখানে পুলিশের কতটুকু বা কী করার থাকে। রাজনৈতিক প্রশ্রয়ে সন্ত্রাসীরা ঘুরে বেড়ালে কিংবা নেতারা যদি তাদের আশ্রয় দেন, তাহলে এর মূল্যায়ন জনগণই করবে।’
আইজিপি জানান, পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং নিয়মিত অভিযানের মাধ্যমে অপরাধীদের ধরতে সচেষ্ট রয়েছে।


