চাঁদপুরের ইলিশ সরবরাহের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ।
বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন, ১৩টি সিম ও তিনটি ব্যাংকের কার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের মো. জাকির শেখের ছেলে আকাশ শেখ (২০), সরফরাজ মোল্যার ছেলে ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে লিমন শেখ (২১), পলাশ মোল্যার ছেলে লিমন মোল্যা (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ‘ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর, অনলাইন পণ্য বিক্রয়’ নামে অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা করে আসছিলেন। এক ভূক্তভোগী নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে একটি অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস দল অভিযানে নামে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।


