জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, ‘এই ঘোষণাপত্রে দেশের জনগণের আকাঙ্ক্ষার তেমন কোনো প্রতিফলন হয়নি।’
মঙ্গলবার বিকালে প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পরপরই দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চ থেকে মুহাম্মদ ইউনূস যখন ঘোষণাপত্র পড়ছিলেন তখন তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঘোষণাপত্র পাঠ শেষে অনুষ্ঠানস্থলে উপস্থিত ডা. তাহেরের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি হতাশার কথা বলেন।
আবদুল্লাহ তাহের বলেন, ‘আমি মনে করি, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি। একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা আমরা দেখেছি।’
‘এটা কোন তারিখ থেকে বাস্তবায়ন হবে? কালকে থেকেই বাস্তবায়িত হবে? সেটা কিন্তু স্পষ্ট করেনি। তাছাড়া আমরা এটাকে সংবিধানে চেয়েছিলাম, সেটা হয়নি।’
তাহের আরও বলেন, ‘উনারা যেটা বললেন, আগামী সরকার বাস্তবায়ন করবে। তাহলে বোঝা গেল, এই সরকার কিছু করবে না। অথচ দায়িত্ব হচ্ছে এই সরকারের। এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে হালকাভাবে পাশ কাটিয়ে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম তাতে আমরা হতাশ। এই জাতি হতাশ।’
জামায়াত হতাশা প্রকাশ করলেও জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র হয়েছে এটাকে স্বাগত জানাই। ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। তবে এটা যে প্রকাশ হয়েছে সেটাকে অভিনন্দন।’


