রাজবাড়ী সদর উপজেলায় একটি পাম্প থেকে জ্বালানি তেল নিয়ে টাকা না দিয়ে পাম্প শ্রমিককে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
অভিযুক্তরা হলেন আবুল হাসেম সুজন (৫৪) ও তার গাড়িচালক মো. কামাল হোসেন সরদার (৪৩)।
আবুল হাসেম সুজন রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার এবং ঘটনার সঙ্গে জড়িত গাড়িটির মালিক।
শনিবার বিকালে তাদের রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ হাজির করা হয়। আদালতের বিচারক মো. হাসানের কাছে গাড়িচালক কামাল হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিহত পাম্প শ্রমিকের নাম রিপন সাহা (৩২)। তিনি গোয়ালন্দ মোড় এলাকার করিম ফিলিং স্টেশনে কাজ করতেন। শুক্রবার ভোরে ওই ফিলিং স্টেশনের সামনে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়।
এর আগে, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ সুজন ও গাড়িচালক কামালকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়।
ওই দিন রাতে নিহতের ছোট ভাই প্রতাপ সাহা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় গাড়িতে থাকা সুজন ও কামালকে আসামি করা হয়।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, রিপন সাহা দেড় বছর ধরে করিম ফিলিং স্টেশনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে একটি জিপে করে দুজন ব্যক্তি স্টেশনে এসে পাঁচ হাজার টাকার তেল নেন। তেল নেওয়ার পর রিপন সাহা টাকা চাইলে এক নম্বর আসামি আবুল হাসেম সুজন টাকা দিতে গড়িমসি করেন।
এক পর্যায়ে তারা টাকা না দিয়েই গাড়ি নিয়ে স্টেশন থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় রিপন সাহা গাড়িটি থামানোর চেষ্টা করলে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘তেলের পাম্পের কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যা মামলায় সুজন ও কামাল হোসেনকে আদালতে তোলা হয়েছিল।’
তিনি জানান, ‘এ সময় গাড়িচালক কামাল ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’


