আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ। বিশ্বকাপের সময় ক্রিকেটারদের ব্যস্ত রাখতে ও আর্থিক ক্ষতি পুষিয়ে দিয়ে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার আনুষ্ঠানিক ঘোষণার পর রোবার ঘোষিত হয়েছে অংশগ্রহণকারী তিন দলের স্কোয়াডও।
টুর্নামেন্টের তিন দল ধুমকেতু একাদশের নেতৃত্বে লিটন দাস, দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও দুরন্ত একাদশের দায়িত্বে থাকছেন আকবর আলী। লিটনের ধুমকেতুর হেড কোচের দায়িত্বে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন ও সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বার একাদশে মিজানুর রহমান বাবুলের সহকারী হিসেবে কাজ করবেন তুষার ইমরান। আকবরের দুরন্ত একাদশে থাকছে হান্নান সরকার ও রাজিন সালেহ।
আগামী ৫ ফেব্রুয়ারি ধুমকেতুর প্রতিপক্ষ দুরন্ত। পরদিন ধুমকেতু নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে দুর্বারের বিপক্ষে। ৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত। এরপর ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। এর সাথে প্রতি ম্যাচে ডেতে বিকাল ৪টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। টুর্নামেন্টকে আরো জমিয়ে তুলতে আইপিএলের আদলে থাকছে ইম্প্যাক্ট প্লেয়ার ব্যবহারের সুবিধাও।।
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের তিন দল
ধুমকেতু একাদশ: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম ৷
দুর্বার একাদশ: হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ ও আল ফাহাদ ৷
দুরন্ত একাদশ: জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা ও ইকবাল হোসেন ইমন।


