আসন্ন ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের অন্যায় বা অনিয়মের সঙ্গে আপোস (কম্প্রোমাইজ) করা হবে না বলে নিশ্চিত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাৎক্ষণিক অভিযোগ জানানোর কথাও বলেন তিনি।
ঈদ ঘিরে দেশের সব ইউনিটকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, যাত্রীদের ভ্রমণ নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বাংলাদেশ পুলিশ সর্বাত্মকভাবে তৎপর রয়েছে।
মঙ্গলবার রাজধানী ঢাকার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।
আইজিপি বলেন, ‘প্রতি বছর ঈদযাত্রায় ঘরমুখো মানুষকে দীর্ঘ যানজট ও নানা ভোগান্তির শিকার হতে হয়। অনেকেই ঈদের আগের দিন রওনা দিয়েও সময়মতো বাড়ি পৌঁছাতে পারেন না। এসব সমস্যা সমাধানে এ বছর সরকার ও পুলিশের যৌথ উদ্যোগে সমন্বয় সভা করা হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার চেষ্টা চলছে।’
রাজধানীর বড় বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়ে প্রায়ই যানজট তৈরি হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব স্থানে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে যানজট কমাতে কাজ চলছে।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া প্রসঙ্গে আইজিপি বলেন, ‘কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানাতে হবে। প্রমাণ পাওয়া গেলে ডিএমপি ব্যবস্থা নেবে।’ সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আইন সম্পর্কে অজ্ঞতা কোনো অজুহাত নয়, প্রত্যেক নাগরিকের আইন জানা দায়িত্ব।
ড্রাইভার ও হেলপারদের অনেকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন নয়। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘সড়কের মাঝে গাড়ি থামিয়ে রাখার মতো অসচেতন আচরণ যানজট বাড়ায়। সামান্য সচেতনতা ও সাধারণ জ্ঞান প্রয়োগ করলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।’
আসন্ন ঈদ ঘিরে বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেন আইজিপি। তিনি বলেন, মহাসড়কে যানজট নিরসন ও যাত্রী নিরাপত্তায় পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।
এ সময় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


