স্পেনের কাছে হারের পর ফেনীতে কাঁদলেন আর্জেন্টিনা সমর্থকেরা

স্পেনের কাছে হারের পর ফেনীতে কাঁদলেন আর্জেন্টিনা সমর্থকেরা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর ফেনী শহরের বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে আসা আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নেমে আসে হতাশা। গোল হওয়ার পর মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারটি জায়ান্ট স্ক্রিন প্রাঙ্গণ। অনেক সমর্থককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

রোববার রাতে ফেনী শহরের জেল রোড, মিজান রোডের মাথা, এসি মার্কেটের সামনে এবং মহিপাল ফ্লাইওভারের নিচে জায়ান্ট স্ক্রিনে ফাইনাল দেখার আয়োজন করা হয়। ম্যাচ শুরুর আগে নীল-সাদা জার্সি পরা সমর্থকে ভরে যায় প্রাঙ্গণগুলো। ঢাক-ঢোল, ভুভুজেলা ও স্লোগানে ছিল উৎসবের পরিবেশ।

খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে কখনো উল্লাস, কখনো উৎকণ্ঠায় সময় কাটান দর্শকেরা। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর পর উদ্বেগ আরও বাড়ে। শেষ পর্যন্ত স্পেনের জয় নিশ্চিত হলে অনেক সমর্থককে চোখের জল ফেলতে দেখা যায়। কেউ জার্সি দিয়ে মুখ ঢেকে কান্না করেন, কেউ আবার বন্ধুদের জড়িয়ে ধরে সান্ত্বনা খোঁজেন। অনেক প্রবীণ সমর্থকও বিষণ্ন মনে স্থান ত্যাগ করেন।

জেল রোডে খেলা দেখতে আসা কলেজশিক্ষার্থী ফারহান মাহাতাব বলেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত আশায় ছিলাম। দল এত ভালো খেলেও এভাবে হেরে যাবে, ভাবতে পারছি না। ফুটবল আসলেই নিষ্ঠুর।’

আর্জেন্টিনা সমর্থক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, ‘হার-জিত খেলার অংশ, কিন্তু ফাইনালে এসে এভাবে হেরে যাওয়াটা মেনে নেওয়া কষ্টের।’

পরাজয়ের হতাশা থাকলেও খেলা শেষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘পুরো শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ফেনীর ফুটবলপ্রেমীরা খেলা শেষে ঘরে ফিরেছেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad