ঢাকার লালবাগ এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ বলছে, তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
শুক্রবার বিকাল ৪টার দিকে লালবাগের আরএনডি রোডের জমজম টাওয়ারের ৬ষ্ঠ তলা থেকে মরদহটি উদ্ধার করে লালবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে লালবাগ জমজম টাওয়ারের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই বাসায় নজরুল ইসলাম তার স্ত্রী ফাহিমা শারমিন, সন্তান ও শাশুড়িকে নিয়ে থাকতেন। তিনি ইমামবাগে স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। নিহতের গলায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।
তিনি আরও জানান, পরিবার দাবি করছে নজরুল ইসলাম বটি দিয়ে নিজের গলায় আঘাত করেছে। সিআইডি ফরেনসিক টিম ওই বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ও তদন্তের পর জানা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা।


