কিশোরগঞ্জের কুলিয়ারচরে মসজিদের ভেতরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইমামকে আটক করেছে পুলিশ।
রোববার বেলা ৩টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইমামের নাম মাহবুব ওরফে মাহবুব উল্লাহ (২৩)। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খালিসাপুর বনপাড়া গ্রামের সাহেদ আলী আকন্দের ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন।
স্থানীয়রা জানান, গ্রামের নিয়ম অনুযায়ী ইমামকে একেকদিন একেক বাড়ি থেকে খাবার দেওয়া হয়। রোববার ভুক্তভোগী শিশুটির বাড়ি থেকে তার মা খাবার রান্না করে তাকে দিয়ে মসজিদে পাঠায়। মসজিদ ফাঁকা এবং আশপাশে কেউ না থাকার সুযোগে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন মাহবুব উল্লাহ। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং ইমামকে ঘেরাও করে রাখেন।
খবর পেয়ে কুলিয়ারচর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমামকে আটক করে থানায় নেয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ জানান, কয়েকদিন আগেও মসজিদের ভেতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছিলেন ওই ইমাম। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


