দক্ষিণ লেবাননে সংঘর্ষে এক ইসরাইলি সেনা নিহত ও অপর সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ইসরাইলি সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সামরিক বাহিনীর এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ২৯ বছর বয়সী মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার ফিলিন ‘যুদ্ধে নিহত’ হয়েছেন। আহতদের মধ্যে একজন কর্মকর্তা, একজন রিজার্ভ কর্মকর্তা এবং পাঁচজন সেনা ও অসামরিক কর্মকর্তা রয়েছেন, যাদের মধ্যে কয়েকজন হালকা আহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে বুধবারই যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করেছে, যা অনুযায়ী লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ থাকার কথা। এমন পরিস্থিতিতেই এই প্রাণহানির ঘটনা ঘটল।
গত ২ মার্চ ইরানের সমর্থনে হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করলে লেবাননও এই সংঘাতে জড়িয়ে পড়ে।
লেবানন সরকারের তথ্য অনুযায়ী, ইসরাইলের ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযানে এ পর্যন্ত ৩ হাজার ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
অন্যদিকে, ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে ইসরাইলের পক্ষে এখন পর্যন্ত ৩১ জন সেনা ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।


