রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ
মিরপুর-১ এলাকায় অভিজাত পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

রাজধানীর কদমতলীতে একটি, মিরপুরে দুটি ও মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পাশাপাশি দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন লাগে। এ ছাড়া যাত্রাবাড়ীতে পরপর চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক রিকশাচালক আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ও রাতে এসব ঘটনা ঘটে।

কদমতলীতে ঠিকানা পরিবহনের বাসে আগুন

কদমতলী থানার শান্ত ফিলিং স্টেশনের পাশে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

শনিবার রাত পৌনে ২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, শনিবার রাত ১টা ৩ মিনিটের দিকে সংবাদ পেয়ে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের পাশে বাসের আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে রাত ১ টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রাথমিকভাবে ওই বাসের নাম জানা যায়নি।

তবে কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) আরিফ হোসেন জানান, কদমতলী থানার শান্ত ফিলিং স্টেশনের পাশের মেইন রোডে ঠিকানা পরিবহনের বাসে আগুনের ঘটনা ঘটেছে। ওই বাসটি মেইন রোডে পার্কিং করা অবস্থায় ছিল। চালক বাসে ঘুমন্ত অবস্থায় ছিল তবে কোন হতাহতের ঘটনা নেই। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছিল ঘটনাস্থলে তারাও এসেছেন।

মিরপুরে ২ বাসে আগুন

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির টাইমস অব বাংলাদেশকে জানান, রাজধানীর মিরপুর-১১ এলাকায় শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

তিনি আরও জানান, এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস জানায়, মিরপুর-১১ এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাসটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে।

এদিকে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে ‘অভিজাত পরিবহনের’ ওই বাসটিতে আগুনের ঘটনা ঘটে। মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, বাসটিতে আগুন দেওয়ার ‘চেষ্টা হয়েছিল’।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘কে বা কারা বাসটি আগুন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাসটি পুড়ে যাওয়ার আগেই আগুন নেভানো হয়। এ বিষয়ে আমরা কাজ করছি।’

এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছিল। আর বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

অন্যদিকে, বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই মো. রাশেদ বলেন, কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে একটি বাসে আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। তারা কাজ করছেন। বিস্তারিত পরে জানানো যাবে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আলিফ এন্টারপ্রাইজ লেখা বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কয়েকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী জানান, থানার সামনে মূল সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপে আগুন লাগার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা জব্দ করা পিকআপটি আগুন দেয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি মার্কেটের সামনে পরপর চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা সামাদ সুপার মার্কেটের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করে টাইমসকে বলেন, যাত্রাবাড়ী চৌরাস্তা সামাদ সুপার মার্কেটের সামনে চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন রিকশাচালক আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

আহত রিকশাচালক বিল্লাল ভোলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ এলাকার বাসিন্দা। ঘটনার পর তিনি যাত্রাবাড়ী থানায় অবস্থান করছিলেন। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, শুক্রবার রাতে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ওইদিন দুপুর থেকে রাত পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান, মগবাজার, মৌচাক ও রামপুরা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হন।

এদিকে, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার সকালে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানী জুড়ে ২০০টি চেকপোস্ট বসানো হয়েছে। ঢাকার শান্তিনগর-কাকরাইল ও রাজারবাগ এলাকা ঘুরে দেখা যায়, চেকপোস্টে গুলোর সামনে মোতায়েন আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই মোটরসাইকেল, প্রাইভেট কার, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন তারা।

আরও পড়ুন>>>

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad