কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের গুলিতে বাংলাদেশি এক শিশু গুরুতর আহত হয়েছে।
রোববার সকাল ৯ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র।
আহত শিশু আফনান (৭) একই এলাকার জসিম উদ্দিনের মেয়ে।
এছাড়া ঘটনায় আরও যারা আহত হয়েছেন তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
খোকন চন্দ্র রুদ্র বলেন, রোববার সকালে টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকার সীমান্তের ওপারে মিয়ানমারে গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাতের খবর পাওয়া যায়। দুইপক্ষের মধ্যে অন্তত ঘণ্টাব্যাপী তীব্র গোলাগুলির শব্দ এপার থেকেই পাওয়া যাচ্ছিল।
সকালে কিছু সময় থামলেও ৯টার দিকে তীব্র সংঘাত শুরু হয়। এসময় মিয়ানমার দিক থেকে আসা একটি গুলি সীমান্তের বাংলাদেশি এক বসতঘরে আঘাত করে। এতে শিশু আফনান গুলিবিদ্ধ হয়।
পুলিশের এ উপপরিদর্শক জানান, ঘটনার খবর শুনে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে যেতে চাইলেও উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাস্থলে যেতে বাধা দিচ্ছেন।


