মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ ঘটনায় পাঁচটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোটসহ পাচারচক্রের ৫২ সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার বাংলাদেশ নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে নিয়মিত টহল চলাকালে সেন্টমার্টিনের অদূরে দুটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোটের গতিবিধি নজরে আসে। পরে নৌবাহিনীর সদস্যরা বোট দুটি আটক করে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করেন।
আটক হওয়া বোট দুটি হলো ‘এফবি মা নুর জাহান’ ও ‘এফবি হোমাইয়ারা’। এ সময় পাচারচক্রের ২২ সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে।
পরে আটক মাঝিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ‘এফবি মা জননী-১’, ‘এফবি আশরাফুল ইসলাম সায়াদ’ এবং ‘এফবি হাজি বসিরুল্লাহ’ নামের আরও তিনটি ফিশিং বোট আটক করা হয়। একই সঙ্গে পাচারচক্রের আরও ৩০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত সিমেন্ট, পাঁচটি ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মানবপাচার, মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং জাতীয় স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।


