ভোলার চরফ্যাশন উপজেলায় আব্দুর রহিম ভুট্টো (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ভুট্টো একই এলাকার আখতারুজ্জামান সোহেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কলেরহাট রাস্তার মাথায় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহিম ভুট্টোকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, ঘটনার পেছনে মাদক সংক্রান্ত টাকার বিরোধ রয়েছে। তারা জানান, গত শুক্রবার আব্দুর রহিমের ছেলে আমির হোসেনকে মাদক কেনার জন্য চার হাজার টাকা দেন মো. আমজাদ হোসেন ও বেল্লাল নামের দুই ব্যক্তি। তবে আমির মাদক সরবরাহ না করে টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ এনে তার ওপর হামলা করেন আমজাদ, বেল্লাল ও সম্রাট।
এতে আমিরের মুখের চোয়াল ভেঙে যায় বলে জানান তার স্বজনরা। তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে শনিবার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
নিহত আব্দুর রহিমের চাচাতো ভাই মো. ফিরোজ জানান, শনিবার সন্ধ্যার পর কলেরহাট বাজারে চা খেতে এলে আব্দুর রহিমের সঙ্গে ওই মাদকের টাকা নিয়ে বিরোধে জড়ান আমজাদ ও বেল্লাল। আব্দুর রহিমও তার ছেলেকে মারধরের বিষয়ে জানতে চাইলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বাজারের লোকজন পরিস্থিতি শান্ত করে তাদের সরিয়ে দেন। তবে এর কিছুক্ষণ পরই আব্দুর রহিমকে কুপিয়ে হত্যার খবর আসে।
এ ঘটনার পেছনে আমজাদ ও বেল্লাল জড়িত রয়েছে বলে দাবি করেন নিহতের পরিবার। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলেও জানান তিনি।


