বুধবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে বৈঠক শেষে কোনো সুখবর পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে বিসিবি অনড় থাকায়, আইসিসিও জানিয়ে দিয়েছে, খেলতে হলে ভারতেই খেলতে হবে। ইএসপিএন ক্রিকইনফোর বরাতে জানা গেছে, সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে এক দিন সময় দিয়েছে আইসিসি।
বাংলাদেশ যদি শেষ পর্যন্ত যৌথ আয়োজক ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে অন্য কোনো দলকে নেয়া হবে বাংলাদেশের বদলি হিসেবে। এই সিদ্ধান্ত এসেছে আইসিসির সদস্য দেশগুলোর ভোটের মাধ্যমে, যেখানে বেশিরভাগ মতামত গেছে বাংলাদেশের বিপক্ষে।
শেষ পর্যন্ত এমনটা হলে বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেবে আইসিসি। আইসিসির ইউরোপিয়ান কোয়ালিফায়ারে নেদারল্যান্ড, ইতালি ও জার্সির পরেই ছিল তাদের অবস্থান। যদিও শেষ পর্যন্ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে পারেনি স্কটিশরা।
আইসিসি সভাপতি জয় শাহর উপস্থিতিতে অনুষ্ঠিত ভার্চুয়াল এই সভায় বিসিবির প্রতিনিধিত্ব করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তার সাথে আরো ছিলেন বিসিসিআই সচিব দেভজিৎ সাইকিয়া, শ্রীলংকা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, পিসিবি্র মহসিন নাকভিসহ অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা।
এর আগে আইসিসির সঙ্গে দুই দফায় বৈঠকের পরও বদলায়নি বিসিবির সিদ্ধান্ত। গত শনিবার আইসিসির প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশের সব ম্যাচের ভেন্যু ভারতের বাইরে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। একইসাথে বিকল্প হিসেবে ‘সি’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের সাথে অদলবদলের অনুরোধও করে। যদিও সেসবের অনুরোধের কোনোটিই রাখেনি আইসিসি।


